চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ বাক্য পাঠ করেছেন জায়েদ খান। তাকে এই শপথ করিয়েছেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শুক্রবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এই শপথ অনুষ্ঠান হয় বিএফডিসি প্রাঙ্গণে। এ সময় আরও শপথ নেন মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।
এদিকে, আবারও বয়কটের মুখে পড়লেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন আনুষ্ঠানিক এক বিবৃতিতে এটি জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা বলেন, ‘আমরা আগে শিল্পী সমিতিসহ ১৮ সংগঠন ছিলাম চলচ্চিত্র পরিবারে। আজ শনিবার থেকে চলচ্চিত্র প্রদর্শক সমিতিও যুক্ত হয়েছে। আজকের মিটিংয়ে শিল্পী সমিতির প্রতিনিধি ছিলেন না।
তাদের ছাড়া ১৮ সংগঠন জায়েদ খানকে বয়কটের ব্যাপারে একমত হয়েছে। তার সঙ্গে ১৮ সংগঠনের কেউ কাজ করবে না। সেই সঙ্গে তার কোনো সিনেমা হল মালিকরা প্রদর্শনও করবেন না।’
