বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬০ রান। কার্ডিফে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশের বোলিংয়ের সামনে কোণঠাসা হয়ে পড়ে ভারতের ব্যাটিং। যদিও লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারানো দলটির সংগ্রহ দাঁড়ায় ৩৫৯ রান।
মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গে নিয়ে লোকেশ রাহুল খেলতে থাকেন ঠাণ্ডা মাথায়। তাদের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ হারায় ভালো বোলিংয়ের ছন্দ।
ঝড়ো ব্যাটিংয়ে দারুণ এক শতক নিশ্চিত করার পর থামেন রাহুল। ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ১০৮ রান করা রাহুল নিজের মোকাবেলা করা ৯৯তম বলে সাব্বির রহমানের বলে বোল্ড হয়ে যান। এরপর ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন অভিজ্ঞ ব্যাটসম্যান ধোনি।
রাহুলের মত ধোনিও তুলে নেন শতক। তবে তার আগে বিদায় নেন পান্ডিয়া। মাত্র ১১ বলে ২১ রান করা পান্ডিয়া সাকিবের পঞ্চম ওভারে চড়াও হলেও উইকেট হারান সাব্বির রহমানের হাতে তালুবন্দী হয়ে। পান্ডিয়া আউট হওয়ার পরের ওভারেই ধোনি তুলে নেন বিধ্বংসী শতক। যদিও ৪৬তম ওভারে সাব্বিরের বলে তার ক্যাচ হাতছাড়া করেছেন লিটন। ‘জীবন’ পেয়ে মাত্র ৭৩ বলের মোকাবেলায় ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে শতক পূর্ণ করে ধোনি।
সেই ধোনি থামেন ৭৮ বলে ১১৩ রান করে, সাকিবের দ্বিতীয় শিকার হিসেবে ইনিংসের শেষ ওভারে বোল্ড হয়ে।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারানো ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৫৯ রান।
সৌম্য-লিটনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু। স্কোর:ভারত:৩৫৯/৭ উইকেট (৫০ ওভার)টার্গেট: ৩৬০ রান।বাংলাদেশ: ১১৫ রান ২ উইকেট ( ২৩ ওভার)
ওপেনিংয়ে নামেননি তামিম ইকবাল। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছেন লিটন দাস। বড় রান তাড়ায় দুই তরুণ বাংলাদেশকে এনে দিয়েছেন ভালো শুরু।
দেখেশুনে খেলছেন লিটন। রানের চাকা সচল রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সৌম্য। একটু ঝুঁকি নিয়ে শট খেলছেন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম ওভারে মোহাম্মদ শামির বলে হাঁকিয়েছেন চার ও ছক্কা। চতুর্থ ওভারে জাসপ্রিত বুমরাহর ওভারে পরপর দুটি চার। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৩/০। সৌম্য ২৩ ও লিটন ৮ রানে ব্যাট করছেন।
