করোনা মহামারি রোধে লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (৩ এপ্রিল) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।
করোনার সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য জানান।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপর মহামারি নিয়ন্ত্রণে গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মত ‘সাধারণ ছুটির’ ঘোষণা দেয় সরকার।
শুরুতে গত বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা। টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষ হয় গত বছরের ৩০ মে।
