রিয়ালে ছিলেন রাজা, এখন সঙ্গী সমালোচনা

ম্যানচেষ্টার ইউনাইটেড থেকে তৎকালীন রেকর্ড মূল‍্যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। এরপরের গল্পটা কেবল ইতিহাস গড়ার। রিয়াল মাদ্রিদে একের পর এক শিরোপা জিতেছেন, গোল করেছেন, রেকর্ড করেছেন, করেছেন অনেক ইতিহাস।

কিন্তু সবকিছুর যেমন একদিন শেষ হয়, তেমনি রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারটাও ২০১৮ সালে হঠাৎ করেই শেষ হয় রোনালদোর। কোন রকম পূর্বাভাস ছাড়াই রিয়াল মাদ্রিদ ছাড়েন পর্তুগীজ তারকা।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতানোর পরপরই রিয়ালের ক্যারিয়ারের ইতি টানেন এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে যান জুভেন্টাসে।

রিয়াল মাদ্রিদে যেখানে রোনালদো রাজার আসনে বসেছিলেন, সেই আসনটাই টলতে শুরু করে জুভেন্টাসে গিয়ে। প্রথম মৌসুমটা তাও উজ্জলই ছিল তার। জিতেছিলেন লিগ শিরোপা। অবশ্য ব্যর্থ ছিল চ্যাম্পিয়নস লিগে।

পরের মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ ছিল জুভেন্টাস। জিতেছিল লিগ শিরোপা। কিন্তু যেখানে লিগ শিরোপা জেতা জুভেন্টাসের জন্য নিয়মিত রুটিন ছিল, সেখানে লিগ শিরোপা জেতাটা আর কি এমন সফলতা।

তাই সমালোচনা শুরু হতে থাকে রোনালদোকে নিয়ে। তাকে এনে জুভেন্টাস নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য ছিল অনেক সাবেক ফুটবলারের। জুভেন্টাসের অনেক সাবেক প্লেয়ার সমালোচনা করেছিলেন রোনালদোর।

জুভেন্টাসে নিজের শেষ মৌসুমে তো সমালোচনার উপরেই বসবাস ছিল রোনালদোর। তাকে খেলাতে গিয়ে জুভেন্টাসের খেলার স্টাইল, খেলা, অন্যদের পারফর্মেন্স সবই নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য ছিল সবার।

সমালোচনাকে সঙ্গী করে ইতালি থেকে ম্যানচেষ্টার ইউনাইটেডে এসেছেন রোনালদো। কিন্তু সমালোচনা থেকে বাঁচতে পারেননি তিনি। শুরুতে দারুণ নৈপুন্য দেখালেও এখন তাকেই দলের বোঝা মনে করছে অনেকে।

ম্যানইউর সাবেক অনেক ফুটবলারই তো রোনালদোকে বোঝা মনে করছে এখন। সাবেক ফুটবলার জিমি কারাগার তো শুরু থেকেই বলে আসছেন রোনালদো দলের বোঝা। আর সাম্প্রতিক ম্যাচগুলোর পর রোনালদোকে এখন বেঞ্চ করার পক্ষেই অনেকে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ম্যানইউর তিন ফুটবলার গ্রীনউড, সাঞ্চো, রাশফোর্ডরা স্বাভাবিক খেলা খেলতে পারছে না বলে মন্তব্য অনেক সাবেক ফুটবলারের। এই তিন প্লেয়ার এখন গোলে শট নিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য অনেকের। তারা এখন কেবল রোনালদোকে পাস দেয়ার কাজই বেশি করতে চায়।

রিয়াল মাদ্রিদে যে সম্মান ছিল, যে উচুতে রোনালদো বসেছিল, সেই সম্মান আর সিংহাসন দুটোই ইতিমধ্যে হারিয়েছেন তিনি। দেখার বিষয়, মৌসুমের বাকি সময়ে সেটার জবাব দিতে পারেন কিনা।