রিজার্ভ ডে তে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ, যে সংবাদ দিলো আইসিসি

মঙ্গলবার এক বল না হয়েই ভেস্তে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টিতে ভেসে যায়। ‍বুধবার টনটনে পাকিস্তান-অস্ট্রেলিয়া, আর বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ হওয়া নিয়েও বড় শঙ্কা রয়েছে। এবার বাংলাদেশের ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি।

তিন ম্যাচ বাতিল হয়েছে। আরও বাতিল হওয়ার সম্ভাবনা। প্রকৃতির সামনে অসহায় আইসিসি, কিন্তু সমালোচনার তির তাতে থেমে থাকার কথা নয়। ফলে লেজে-গোবরে অবস্থা আইসিসি কর্মকর্তাদের। তবু বৃষ্টির পক্ষেই সাফাই গেয়েছে তারা।

ইংল্যান্ডে এই সময়ে বৃষ্টি হয়। জেনেও কেন রিজার্ভ ডে রাখা হয়নি। অনেকের মতো এমন প্রশ্ন করেছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডর্সও।

এই অবস্থায় আইসিসি জানিয়েছে, রিজার্ভ ডে রাখলে টুর্নামেন্টের ক্রীড়াসূচিতে ব্যাঘাত ঘটত। পিচ তৈরি, দল স্থানান্তর, ম্যাচ অফিসিয়াল ও ভলান্টিয়ারদের পাওয়া নিয়েও সমস্যা হত। সঙ্গে সরাসরি সম্প্রচারের ব্যাপারটিও আছে। তবে সেমিফাইনাল থেকেই রিজার্ভ ডে থাকছে।’

আইসিসি আরও জানায়, ‘জুন মাসেই ইংল্যান্ডের আবহাওয়া যে এমন বর্ষণমুখর হয়ে উঠবে সেটা ভাবা যায়নি। কারণ ২০১৮’র জুনে এখানে মাত্র দুই মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেখানে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।’ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৭ জুন পর্যন্ত বৃষ্টি এ রকমই ভোগাতে পারে বিশ্বকাপকে। তারপর বৃষ্টি হয়তো কমতে পারে।