রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি এবং একটি স্টিম জেনারেটর রাশিয়ার ভলগা নদী থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশের মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র জানায়, সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সমুদ্রপথে রাশিয়ার ভলগা নদী থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। সেখান থেকে এই যন্ত্রাংশগুলো মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল চারটায় মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর জানান, বিশেষ এই ইক্যুইপমেন্ট রাশান
ফেডারেশনের সমুদ্রগামী জাহাজ থেকে বাংলাদেশের স্থানীয় বিশেষ বার্জে স্থানান্তর করা হবে। এখন মাদার ভেসেল থেকে আনলোড করা হচ্ছে। আগামী ৫ নভেম্বর মোংলা বন্দর থেকে এই যন্ত্রাংশ নিয়ে আরেকটি জাহাজ রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে। নদীপথে চাঁদপুর হয়ে আগামী ২০ অথবা ২১ নভেম্বর পদ্মাপাড়ে প্রকল্প এলাকায় নবনির্মিত রূপপুর নৌ-বন্দরে পৌঁছাবে।
ড. মো. শৌকত আকবর বলেন, ‘এগুলো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল হচ্ছে পারমাণবিক চুল্লি। যেখানে মূল জ্বালানি থাকবে। এটিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হার্ট বা হৃদপিণ্ড বলা যায়। আর স্টিম জেনারেটরও এই চুল্লির একটি গুরুত্বপূর্ণ অংশ।’
ড. মো. শৌকত আকবর বলেন, ‘খুব শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল এবং স্টিম জেনারেটর স্থাপন কাজের উদ্বোধন করবেন বলে আমরা আশা করছি।’
