রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮

রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে সাইবেরিয়ার ক্রাশনুইয়ার্স্ক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জরুরি সার্ভিসের একটি সূত্র উল্লেখ করে জানিয়েছে, উতেইর এয়ারলাইন ওই হেলিকপ্টারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। হেলিকপ্টারটি সাধারণত তেল উত্তোলনকারী শ্রমিকদের বহন করে থাকে।

এদিকে একজন কর্মকর্তা বলছেন, আর্কটিক সার্কেলের উত্তরে ইয়েনিসেই নদীর তীরে অবস্থিত ইগারকা শহর থেকে ওই হেলিকপ্টারটি উড্ডয়ন করে। পরে বিমানবন্দরের দুই কিলোমিটার দক্ষিণে এটি বিধ্বস্ত হয়।