‘রাফতা রাফতা’ গানে নজর কাড়লেন রেখা

কাহানি কিসমাত কি’ ছবির ‘রাফতা রাফতা দেখো’ গানে ধর্মেন্দ্র এবং রেখার কথা মনে আছে? এই বিখ্যাত গানকে ধর্মেন্দ্রর পরবর্তী ‘ইয়ামলা পাগলা দিওয়ানা : ফির সে’ ছবিতে নতুন রূপে উপস্থাপন করা হয়েছে। কিশোর কুমারের অন্যতম বিখ্যাত এই গানে আনা হয়েছে এক অন্য রকম ট্যুইস্ট।

বিভিন্ন বিখ্যাত বলিউড গান- রাফতা রাফতা, ও মেরে সোনা রে, সালাম-ই-ইশক, ম্যায় জাট ইয়ামলা পাগলা দিওয়ানা- সব একসঙ্গে মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে নতুন এই গানটা। ধর্মেন্দ্র, সালমান খান, রেখা, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সানি দেওল, ববি দেওল প্রমুখ এই গানের অংশ।

সাড়ে পাঁচ মিনিটের এই ভিডিওর শুরুতে ধর্মেন্দ্র ও সালমান খানকে পরস্পরের ছবির বিখ্যাত কিছু ডায়লগে লিপ সিঙ্ক করতে দেখা যাচ্ছে। তারপর সোনাক্ষী সিনহাকে ‘ও মেরে সোনা রে’ গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওতে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহাকেও দেখা যাচ্ছে।

ভিডিওতে রেখার অংশটুকুই সেরা। ‘মুকাদ্দার কা সিকান্দার’ ছবির ‘সালাম-ই-ইশক’ গানের সঙ্গে তাঁকে নাচতে দেখা যাচ্ছে। গানটা শেষ হচ্ছে সানি এবং ববি দেওলকে দেখানোর পর। শেষে তাঁদের সঙ্গে একে একে যোগদান করেছেন ধর্মেন্দ্র, সালমান, রেখা, সোনাক্ষী প্রমুখ। সকলে একসঙ্গে ‘ম্যায় জাট ইয়ামলা পাগলা দিওয়ানা’ গানের ছন্দে পা মিলিয়েছেন।

এই গানের শুট করতে গিয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সংবাদ সংস্থা আইএএনএস-কে আগেই জানিয়েছিলেন, আমার মনে হয় আমার করমের জন্যই আমি যখনই ইন্ডাস্ট্রির কাউকে ডাকি তাঁরা আমার ডাকে চলে আসে। আমার যখনই কাউকে প্রয়োজন হয় সমগ্র ইন্ডাস্ট্রি আমার পাশে দাঁড়ায়।

এ ছাড়াও ধর্মেন্দ্র সালমান এবং সোনাক্ষীকেও ধন্যবাদ জানিয়ে বলেন, সালমান একজন খুব ভালো মানুষ। আমি ওঁকে স্নেহ করি। একজন দারুণ মানুষ সালমান এবং সোনাক্ষী তো আমার মেয়ের মতো।

‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিরিজের তৃতীয় ধাপ ‘ইয়ামলা পাগলা দিওয়ানা : ফির সে’। এই ছবিতেও বাবা আর দুই ছেলে- ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওলের যুগলবন্দি তুলে ধরা হয়েছে। নবনিয়াত সিং পরিচালিত ছবিটি আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে।