সাংহাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ব্যাপক প্রশংসা কুড়োনোর পর এবার রাশিয়া মাতাতে যাচ্ছে রানী মুখার্জীর ‘হিচকি’। সাংহাই ফিল্ম ফেস্টিভালে ‘হিচকি’ এতটাই পছন্দ হয় যে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন দর্শকরা। এবার রাশিয়ায় মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে ছবিটি।
জানা যাচ্ছে, আগামী ৬ সেপ্টেম্বর শিক্ষক দিবসের ঠিক একদিন পর সেদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ইতিমধ্যেই ছবিটি রুশ ভাষায় ডাবিং করিয়ে ফেলেছেন। প্রসঙ্গত ‘হিচকি’ ছবিটিতে শিক্ষক সমাজের প্রতি, ছাত্র-ছাত্রীদের প্রতি যে বার্তা দেওয়া হয়েছে, তা ইতিমধ্যেই সকলের মন ছুঁয়ে গেছে।
এই ছবিতে শিক্ষিকা নয়না মাথুরের চরিত্রে দেখা গেছে রানি মুখার্জীকে। যিনি কিনা ছোটো থেকেই টরেট সিন্ড্রোমে আক্রান্ত সে কীভাবে তার প্রফেসরের কথাতে উদ্বুদ্ধ হয়ে জন্মগত সমস্যা কাটিয়ে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে। এবং একটা সময় হাজারো বাধা পার করে শিক্ষিকা হয়ে ওঠে। গত ২৩ মর্চ ভারতে মুক্তি পেয়েছিল ছবিটি। মা হওয়ার পর পর্দায় ফিরে এসে ফের একবার দর্শকদের মুগ্ধ করেন একসময়ের সাড়া জাগানো নায়িকা।। এদিকে ‘হিচকি’র জন্যই এ বছর মেলবোর্নের আয়োজিত ভারতীয় ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেত্রীদের তালিকায় মনোনীত হন রানি।
ব্র্যাড কোহেনের লেখা আত্মজীবনী ”ফ্রন্ট অফ দ্যা ক্লাস :হাউ টরেট সিন্ড্রোম মেড মি দ্যা টিচার আই নেভার হ্যাড” অবলম্বনে লেখা হয়েছে রানির ‘হিচকি’র চিত্রনাট্য। যে ছবিতে উঠে এসেছে অসুস্থতা কাটিয়ে এক যুবতীর শিক্ষিকা হয়ে ওঠার কাহিনি। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষিকার সম্পর্ক।
