রণবীরের কাণ্ড

এনার্জিতে রণবীর সিং সবার চেয়ে একটু আলাদাই। অভিনয় দক্ষতা আর এনার্জির কারণে ক্রমাগতই জনপ্রিয়তা বাড়ছে এ তারকার। জনপ্রিয়তার দিক থেকে বলিউডের অনেক অভিনেতাকে তিনি ছাপিয়ে গেছেন তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষ করে ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পর রণবীর একটু বেশি করেই আলোচনায় উঠে আসছেন। আপাতত রণবীরের হাতে রয়েছে করণ জোহরের প্রযোজনায় তৈরি ‘সিম্বা’ ও জোয়া আখাতারের ‘গলি বয়’।

তবে আপাতত রণবীর চর্চায় থাকার আরও একটি কারণ রয়েছে। সেটা হল দীপিকার সঙ্গে তার প্রেম ও বিয়ে। শোনা যাচ্ছে আগামী নভেম্বর মাসের ১০ তারিখই তার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন রণবীর।

বুধবার রণবীরকে দেখা গেল মুম্বাইয়ের এক শপিং মলে। আর গাড়ি থেকে বের হতেই বলিউডের ‘খিলজি’-কে ঘিরে ধরেন তার ভক্তরা। পাপারাজ্জির ক্যামেরার ফ্ল্যাশের সামনে ক্রমাগত পোজ দিতে শুরু করেন অভিনেতা। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে, যে যেভাবে বলেন সেভাবেই পোজ দিতে থাকেন। এমনকি ভক্তদের সামনে রণবীরকে নিজের গাড়ির উপর উঠে পড়তেও দেখা যায়। রণবীরের কাণ্ডকারখানায় উচ্ছ্বসিত হয়ে পড়েন সব ভক্তরা।