যে হিসেবে ঝুলে রইল ঢাকা-রাজশাহীর ‘প্লে-অফের’ ভাগ্য

চতুর্থ দল হিসেবে শেষ চারে খেলবে কে? ঢাকা ডায়নামাইটস নাকি রাজশাহী কিংস? এ প্রশ্নের উত্তর মিলবে ঢাকায় শেষপর্বে। তবে আজ রাজশাহী শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ৫ উইকেটে হারালেও মিরাজের দলের শেষ চারে পা রাখার সম্ভাবনা তুলনামূলক কম।

কারণ তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। অর্থাৎ রাজশাহীর পয়েন্ট ১২ খেলায় ১২’ই থাকবে। অন্যদিকে সাকিবের ঢাকার খেলা বাকি আরও দু’টি। একটি সবার নিচে থাকা খুলনার সঙ্গে। অন্যটি আগেই শেষ চারে পৌঁছে যাওয়া কুমিল্লার সাথে।

ওই দুই ম্যাচের দুটিতে জিতে গেলে তো কথাই নেই। অন্তত একটিতে জিতলেও ঢাকাই শেষ চারে নাম লেখাবে। তখন ঢাকা ও রাজশাহীর পয়েন্ট সমান হলেও নেট রানরেটে ঢাকা এখন পর্যন্ত অনেক এগিয়ে। বাকি দুই ম্যাচের একটিতে আর রান গড় ভালো করার দরকার নেই, এখন যে নেট রানরেট আছে- তা বজায় রেখে এক ম্যাচ জিতলেই চলবে সাকিব বাহিনীর।

এদিকে আজ ১১ নম্বর ম্যাচে ১৮৯ রানের বড় স্কোর গড়েও হারের কারণে এবারের বিপিএল থেকে বিদায় নিল সিলেট সিক্সার্স। ১১ খেলায় অলক কাপালি ও সাব্বির রহমানদের পয়েন্ট ৮’এই বহাল থাকল। এখন ১ ফেব্রুয়ারি (শুক্রবার) শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিতলেও লাভ হবে না তাদের। তখন ওয়াকার ইউনুসের শিষ্যদের পয়েন্ট দাঁড়াবে ১২ খেলায় ১০। কাজেই হিসেব পানির মতো সহজ।