যে সমীকরণে দুই ম্যাচ জিতলেই সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে দাঁড়ালেও তা এবার অপেক্ষাকৃত সহজ হল ইংল্যান্ডের পরাজয়ে। শুক্রবার (২১ জুন) লিডসে স্বাগতিক ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে চমকের জন্ম দেয় শ্রীলঙ্কা। এই পরাজয়ে হুমকিতে পড়েছে ইংল্যান্ডের সেমিফাইনালের যাওয়ার স্বপ্ন।

বলা বাহুল্য, টাইগারদের সেমিফাইনালের সুযোগকে ‘সহজ’ আখ্যা করা যাচ্ছে পয়েন্ট টেবিলের সম্ভাব্য চতুর্থ স্থানের দৌড়ে থাকা অন্যান্য দলগুলোর আগামী ম্যাচগুলোর সূচি অর্থাৎ প্রতিপক্ষ বিবেচনায়।

ইংল্যান্ড ও বাংলাদেশ দুই দলই এখন পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলেছে। ইংল্যান্ড জিতেছে ৪টি ম্যাচ এবং হেরেছে ২টি ম্যাচ। অন্যদিকে বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচ, হেরেছে ৩টি ম্যাচ এবং একটি ম্যাচ হয়েছে বৃষ্টিতে পণ্ড। তাতে ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ৩য় স্থানে এবং বাংলাদেশ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে।

পয়েন্ট টেবিলে ইংল্যান্ড বাংলাদেশের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে সুস্পষ্টভাবে। তবে দলটির আসন্ন সূচি অন্তত এই মুহূর্তে ইয়ন মরগানদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না। রাউন্ড রবিন লিগে ইংলিশদের বাকি ৩টি ম্যাচ যে এখন পর্যন্ত আসরের সেরা তিন দল অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে!

লঙ্কানদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে ইংলিশদের মনোবলে লেগেছে বড় ধরনের ধাক্কা। সেই ধাক্কা সামলে এবার দলটিকে লড়তে হবে এমন তিনটি দলের বিপক্ষে, সাম্প্রতিক সময়ে যারা রয়েছে দুর্দান্ত ফর্মে।

সবচেয়ে বেশি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৬ ম্যাচ খেলে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে। গত আসরের সেমিফাইনালিস্ট নিউ জিল্যান্ড ৫ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকলেও হারেনি একটি ম্যাচও। ৪ ম্যাচ খেলা ভারতও হারেনি কোনো ম্যাচ। স্বাগতিকদের ভূমিকায় থাকলেও এই তিনটি দলকে হারান ইংল্যান্ডের জন্য চাট্টিখানি কথা নয়।

এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। ইংল্যান্ডের মত বাংলাদেশেরও রাউন্ড রবিন লিগে বাকি আছে ৩টি ম্যাচ। তিনটি ম্যাচই এশিয়ান প্রতিপক্ষের সাথে- যথাক্রমে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তা কিংবা পয়েন্ট টেবিলের অবস্থান বিচারে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশই থাকবে ফেভারিট। ভারত-বাংলাদেশ লড়াইয়ে ভারত ফেভারিট হলেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ, এতে নেই কোনো সন্দেহ।

বাংলাদেশের আগামী ম্যাচগুলো জয়ের সম্ভাবনা যতটা বেশি, ঠিক ততটাই কম ইংলিশদের সামনের ম্যাচগুলোতে ভালো করার সম্ভাবনা। আর তাই সেমিফাইনালে ওঠার সুযোগ আরও একবার উঁকি দিচ্ছে বাংলাদেশের সামনে।

১. ইংল্যান্ড ১টি ম্যাচ জিতলে বাংলাদেশকে জিততে হবে ৩টি ম্যাচই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা, উইন্ডিজ, ও পাকিস্তানকে অন্তত ১টি করে ম্যাচে হারতে হবে।

২. ইংল্যান্ড কোনো ম্যাচ না জিতলে বাংলাদেশকে ২টি ম্যাচ জিতলেই চলবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা, উইন্ডিজ ও পাকিস্তানকে অন্তত ২টি ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকাকে অন্তত ১টি ম্যাচে হারতে হবে।

বাংলাদেশের সাথে উইন্ডিজ, পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট মিলে গেলে শেষ চার নির্ধারিত হবে রান রেটের হিসেব। এই মুহূর্তে উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার চেয়ে রান রেটে পিছিয়ে থাকলেও বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে রয়েছে।