নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে মো. হানিফ (২৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলাম (২৭) নামের আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা রিজভীর বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিহত মো. হানিফ দক্ষিণ শুল্লকিয়া গ্রামের বাসিন্দা। তিনি এওজবালিয়া ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, বিকেলে বিএনপির নেতাকর্মীরা হানিফসহ এজবালিয়া ইউনিয়ন নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে হানিফের চোখে মরিচের গুঁড়া দিয়ে অন্ধকরে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান।
আসনটির ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম রিজভীর বাড়িতে উঠান বৈঠক চলছিল। পরে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে সেখানে হামলা চালায়। এ সময় তারা ককটেল বিষ্ফোরণ ও গুলি ছোঁড়ে। তবে যুবলীগ নেতা হানিফ কিভাবে নিহত হয়েছেন তা তিনি জানেন না।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, ‘নিহতের দুই পায়ে গুলি ও মাথাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপির বৈঠক থেকে হানিফকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
