পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর বাড়াবার সম্ভাবনা নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। গত ১০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দিক থেকে আমরা যে সাড়া পেয়েছি তাতে আর নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যেদিন থেকে যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সেদিন থেকেই আমরা কাজ করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগের কাছে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছি। তারা আমাদের চিঠির উত্তর দেবে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ সুতরাং তারা এর বিস্তারিত কারণ আমাদের জানাবে। এজন্য আমরা তাদের অনুরোধ করেছি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাইছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলছেন, ‘এবার জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে’। কেউ বলছেন- ‘ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেবে’। এভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিষেধাজ্ঞা আর বাড়াবে না বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন সদস্য, যিনি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে না, টিপিক্যাল লবিস্টের প্রয়োজন আছে। আমরা বিএনপির মতো লুকিয়ে কিছু করব না। জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিতা থাকবে। গোপন এজেন্ডা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।
