ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ। বর্তমানে চলচ্চিত্রে খুব একটা ব্যস্ততা না থাকায় ঘুরে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। দীর্ঘদিন পর সম্প্রতি ‘সাপলুডু’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা।
এতে তার বিপরীতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবির প্রস্তুতি পর্বের শুটিং শুরুর কথা রয়েছে আগামী ১৫ তারিখ থেকে।
কী কারণে ‘সাপলুডু’ নামের এ ছবিতে নাম লেখালেন? এ প্রশ্নের জবাবে শুভ বলেন, আমার কাছে যতক্ষণ কোনো ছবির গল্প ও এর পরিকল্পনা— এ দুটো জিনিস ভালো না লাগে, ততক্ষণ কাজ করতে পারি না।
কারণ এর আগে অনুরোধের ঢেঁকি গিলে দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত তা হিতে বিপরীত হয়। তাই অনুরোধের ঢেঁকি আর গিলতে চাই না। মোটকথা, যা বিশ্বাস হয় না, সে কাজটা করতেও চাই না। সে রকম চিন্তার জায়গা থেকে অনেক দিন ধরে সাপলুডুর মতো একটা গল্পের জন্য অপেক্ষা করছিলাম।
শেষ পর্যন্ত তা পেয়ে যাই এবং নাম লেখাই। অবশ্য এ ছবির নির্মাতা গোলাম সোহরাব দোদুলের সঙ্গে আমার পূর্ব সম্পর্কও এর গুরুত্বপূর্ণ অনুঘটক।
