মোস্তাফিজের বৌভাতে এলাহি আয়োজন

বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বিয়ের পিঁড়িতে বসেছিলেন চলতি বছরের ২২শে মার্চ। কনে তারই মামাতো বোন সামিয়া পারভীন শিমু।

বিয়ের সময় বর ও কনের স্বজনরা জানিয়েছিলেন, একেবারে ঘরোয়া পরিবেশে স্বজনদের সঙ্গে নিয়ে শেষ করা হয়েছে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান। এরপর ধুমধাম করে অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর।

তখন জানানো হবে সবাইকে। অপেক্ষার প্রহর শেষ। আর মাত্র ক’টা দিন। নতুন করে বর-বধূবেশে বৌভাত অনুষ্ঠানে আসবেন মোস্তাফিজ ও শিমু।

নববধূ শিমুকে তুলে নেয়া হবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজের বাড়িতে। সেখানেই আগামী ১৩ই জুলাই শনিবার অনুষ্ঠিত হবে মোস্তাফিজের বৌভাতের আনুষ্ঠানিকতা।

এরই মধ্যে তার বাড়িতে সাজ সাজ রব পড়ে গেছে। আত্মীয়স্বজন-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। মোস্তাফিজের বড় ভাই মাহফুজার রহমান মিঠু জানিয়েছেন, কম বেশি হাজার দু’য়েক অতিথি তো থাকবেনই। খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিমন্ত্রিত হবেন জানিয়ে তিনি বলেন, সব আয়োজন হবে গ্রামের বাড়িতে।

সব আত্মীয়-স্বজনরাই থাকবেন অনুষ্ঠানে। গ্রামীণ আচার-অনুষ্ঠানেই হবে মোস্তাফিজের বৌভাত। নববধূ সামিয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা মো. রওনাকুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে।

পাঁচ লাখ ১ টাকা দেনমোহরে গত ২২শে মার্চ বিয়ে হয়েছিল তাদের। মোস্তাফিজের স্বপ্নের রানী তার মামাতো বোন শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন এসএসসি।

বিশ্বকাপে বাংলাদেশ দলের সব ম্যাচ শেষের পর আগামী ১০ই জুলাই নিজ গ্রামে ফিরবেন কাটার মাস্টার। বিশ্বকাপে প্রথম বার অংশ নিয়ে গ্রুপপর্বে ৮ ম্যাচ খেলে মোস্তাফিজ তুলে নিয়েছেন ২০ উইকেট। এর মধ্যে দুই ম্যাচে তিনি ৫টি করে উইকেট পেয়েছেন। আর এতেই খুশি সাতক্ষীরাবাসী।