মেয়েদের নিয়ে দক্ষিণ কোরিয়া ভ্রমণ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। এ তারকার বড় মেয়ের নাম স্নেহা। আর ছোট মেয়ের নাম আরিয়া।
আঁখি তার ফেসবুকের একটি পোস্টে জানান, দক্ষিণ কোরিয়ায় আয়োজিত একটি গানের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যই মূলত কোরিয়া গিয়েছেন তিনি। ২২ জুলাই কোরিয়ার উইজংবু সিহান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ উৎসব’ শিরোনামের অনুষ্ঠানে বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে পারফর্ম করার বেশ কিছু ছবিও ভিডিও পোস্ট করেন তিনি।
অনুষ্ঠান শেষে বেশ কয়েকদিন দুই মেয়েকে সঙ্গে নিয়ে চষে বেড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার দর্শনীয় স্থানগুলোতে। সেখানকার এভারগ্রীন পার্ক, রেস্তোরাঁ, শপিংমল, ঐতিহাসিক বুখুন হানোক গ্রামসহ বেশ কয়েকটি জায়গায় ভ্রমণ করেছেন। আর নিজেদের ঘুরে বাড়ানোর নজর কাড়া সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এ শিল্পী। বেশ কয়েক দিনের টানা সফর শেষে আজ ঢাকায় ফিরছেন তারা।
উল্লেখ্য, ২০ জুলাই, ঢাকায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘কে-পপ’ প্রতিযোগিতার একটি দলগত নাচে অংশ নেন আঁখির বড় মেয়ে স্নেহা। সেদিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মেয়ের ওই নাচের ভিডিও পোস্ট করেন আঁখি। এর পরদিনই দুই মেয়েকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় উড়াল দেন তিনি।
