মেসি অবশেষে মুখ খুললেন

লিওনেল মেসি আরো একটি মৌসুম বার্সেলোনায় থেকে যাচ্ছেন। তার বাবা এবং এজেন্ট হোর্হের পর এবার মেসি নিজেই জানালেন সেকথা।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে আর্জেন্টাইন সুপারস্টার সম্প্রতি ক্লাবের সঙ্গে তার টানাপোড়েন নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

মেসি বলেন, ক্লাব ছাড়ার ইচ্ছার কথা আমি যখন স্ত্রী এবং সন্তানদের জানাই, এটা ছিলো নিষ্ঠুর একটা নাটক! পুরো পরিবার কাঁদতে শুরু করেছিলো। আমার সন্তানরা বার্সেলোনা ছাড়তে চাইছিলো না, তারা তাদের স্কুল পরিবর্তন করতে চাইছিলো না।

“আমি সামনের দিকে তাকাচ্ছিলাম এবং সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে চাচ্ছিলাম, শিরোপা জিততে, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাচ্ছিলাম। আপনি এখানে (চ্যাম্পিয়ন্স লিগে) জিততেও পারেন, হারতেও পারেন। কারণ, এটা খুবই কঠিন লড়াই। তবে আপনাকে প্রতিযোগিতা করতে হবে।”

মেসি জানান, তিনি ভেবেছিলেন, কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই ক্লাব ছাড়তে পারবেন। আর ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের কথাতেই নাকি তিনি আশ্বস্ত ছিলেন।

তিনি বলেন, বার্সা আমাকের সবকিছু দিয়েছে, আমিও বার্সাকে আমার সবকিছু দিয়েছি। আমি জানি, আমার মন কখনোই বার্সাকে আদালতে নেয়ার বিষয়ে সায় দিবে না।