২০১৫ সালের পর থেকে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি বার্সেলোনার। এই তিন মৌসুমেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে দলটি। সর্বশেষ মৌসুমে রোমার বিপক্ষে ৪-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে ছিটকে পড়ে বার্সা। এর আগের মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ম্যাচ হারে ৩-০ ব্যবধানেএবং ২০১৫-১৬ মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়ে ২-১ এবং ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের শেষ তিন মৌসুমের পারফরম্যান্স বেশ হতাশাজনক।
এখন কথা হলো, লিওনেল মেসির নেতৃত্বে তিন বছরের ব্যর্থতা কাটাতে পারবে বার্সা? উত্তর শুনুন নতুন ক্যাপ্টেনের মুখেই, ‘আমরা এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা চাই। আমরা শেষ তিন বছর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছি এবং শেষ মৌসুমে আমাদের পারফরম্যান্স ছিল সব থেকে বাজে। আমরা রোমে ইতিবাচক ফল নিয়ে গেলেও ভালো খেলতে পারিনি। এবার ভুল করলে চলবে না।’
‘আমাদেরকে অবশ্যই শিরোপা জিততে হবে। ক্লাবের জন্য, দলের জন্য এবং সমর্থকদের জন্য। আমাদের দলটা দারুণ। এমন দল নিয়ে আমাদের শিরোপার লড়াই করতে হবে।
