সেভিয়ার বিপক্ষে রোববারের ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলে ফেলেছেন যুক্তরাষ্ট্রের তরুণ তারকা ডিফেন্ডার সার্জিনো দেস্ত। বার্সার জার্সি গায়ে চাপানো প্রথম আমেরিকান ফুটবলার তিনি। কাতালানদের হয়ে অভিষেকটা খুব একটা সুখের হয়নি দেস্তের, সেভিয়ার সঙ্গে ম্যাচটি হয়েছে ১-১ গোলে ড্র।
তবে নিজের স্বপ্নের ক্লাবে তারকা ফুটবলারদের সঙ্গে খেলতে পারার রোমাঞ্চে অভিভূত ১৯ বছর বয়সী দেস্ত। কিন্তু নিজের প্রথম ম্যাচে বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির একটি শব্দও বুঝতে পারেননি তিনি। অবশ্য এতে তেমন কোনো সমস্যা নেই দেস্তের। মেসির সঙ্গে প্রথম সাক্ষাৎ বিশেষ অভিজ্ঞতা হয়েই থাকবে বলে জানিয়েছেন তিনি।
জন্মগতভাবেই আমেরিকান দেস্ত কথা বলেন ইংরেজিতে, আগে কখনও স্প্যানিশ ক্লাবে খেলেননি বলে স্প্যানিশ ভাষা শিখতে হয়নি তাকে। অন্যদিকে মেসির জন্ম আর্জেন্টিনায় হলেও কথা বলে পুরোপুরি স্প্যানিশ ভাষায়। ইংরেজি ভাষায় আয়ত্ব নেই তার। এ কারণেই মেসির সঙ্গে প্রথম সাক্ষাতে তার বলা কোনো কথাই বুঝতে পারেননি দেস্ত।
ডাচ আউটলেট এনওএসকে দেয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এ ডিফেন্ডার বলেছেন, ‘আজকে তো আমি সবাইকে দেখলাম, মেসিকেও। সে ইংরেজিতে কথা বলে না। তবে তার সঙ্গে দেখা করা অবশ্যই বিশেষ অনুভূতির সঞ্চার করেছে। সত্যি বলতে আমি জানি না, সে আমাকে কী বলেছে? কিছুই বুঝতে পারিনি। তবে আমরা দুজনই তখন হাসছিলাম, তার মানে সব ঠিকই ছিল, না?’
নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের হয়ে গত মৌসুমে আলো ছড়িয়ে এবার বার্সেলোনায় যোগ দিয়েছেন দেস্ত। স্প্যানিশ ক্লাবটিতে আসার জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল বায়ার্ন মিউনিখের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এর আগে নেদারল্যান্ডস জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলার নজিরও গড়েছেন তিনি।
তিনি যখন নেদারল্যান্ডসের প্রস্তাব ফিরিয়ে দেন, তখন দলের কোচ ছিলেন রোনাল্ড কোম্যান। এই সেই কোম্যানের অধীনেই বার্সেলনায় খেলছেন তরুণ ডিফেন্ডার। বলা চলে, দেস্তকে দলে নিতে খোদ কোম্যানই সুপারিশ করেছিলেন বার্সেলোনা টিম ম্যানেজম্যান্টে। তবে দেস্তের নিজেরও ইচ্ছে ছিলো বার্সার হয়ে খেলার।
দেস্ত বলেন, ‘আমি বার্সেলোনাকে বেছে নিয়েছি কারণ সবসময়ই এ ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। রোনালদিনহো আবার আইডল এবং তিনি এই ক্লাবের একজন কিংবদন্তি খেলোয়াড়। আমি যখন জানতে পারলাম যে, বার্সেলোনা আমাকে নিতে চাইছে। তখন আর দ্বিতীয়বার ভাবতেও হয়নি।
