জমিজমা সংক্রান্ত এক মামলায় আদালতের আদেশ থাকার পরও তা না মানার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনটি বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। এ বিষয়ে বুধবার (২৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
আবেদনটি নিয়ে আজই শুনানি হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনজীবী আবুল কালাম আজাদ।
তিনি জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেয়। সে নিষেধাজ্ঞা নিয়ে আবেদনকারীরা জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন। তবে চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর আলম ও তার লোকজন ওই জমি নিজের বলে ব্যবহারে বাধা দেন।
এ অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলমসহ ৪ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন আশরাফ উদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তার মেয়দ পদ থাকবে কি না সে বিষয়টি জানা যাবে এক-দুদিনের মধ্যেই।
