টটেনহামের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরিসংখ্যান বলছে, লিগের শুরুতে প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে ‘স্পেশাল ওয়ান’ মরিনহোর শীর্ষরা। বলা চলে গত ২৬ বছরে প্রিমিয়ার লিগে দলটির এমন বাজে শুরু হয়নি।
দলের লজ্জাজনক হার। ফলে ইউনাইটেড কোচ হোসে মরিনহো যে সাংবাদিকদের তোপের মুখে পড়বেন, তা অনুমিতই ছিল। সোমবার ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন ‘স্পেশাল ওয়ান’। তাই তড়িগড়ি করে কেটে পড়লেন সম্মেলন থেকে। তবে যাওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে গেলেন, ‘আপনারা বলুন তো ম্যাচের ফলাফল কী? ৩-০, ৩-০। জানেন ৩-০ মানে কী? আমরা ৩ গোল খেয়েছি। কিন্তু এর অর্থ আমি তিনটা লিগ শিরোপাও জিতেছি, যা লিগের বাকি ১৯ কোচের চেয়েও বেশি। আমি একাই তিনটা জিতেছি, তারা সর্বোচ্চ দুটি। সম্মান! সম্মান! সম্মান দিতে শিখুন।’
এবারের মৌসুমে জয় দিয়েই শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাটেডের। কিন্তু পরের দুটি ম্যাচে ঠিকই লজ্জায় পড়তে হলো তাদের। তাছাড়া টটেনহামের বিপক্ষে পরাজয়টি মরিনহোর কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় পরাজয়। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে এটাই প্রথম।
