মেঘনায় ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে ইয়াসিন (৭) ও বিন ইয়ামিন (৭) নামের দুইজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলো- হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইয়াসিন (৭) ও মুনলাইট কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র বিন ইয়ামিন (৭)।

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এসময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে ইয়ামিন। প্রচণ্ড স্রোতে সেও পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন দুই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রচণ্ড স্রোতের কারণে ইয়াসিন ও ইয়ামিন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।