বাংলাদেশের চলচ্চিত্রে অধিকাংশ নায়কের সাথে অভিনয় করেছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী মুনমুন। তবে তার সাথে শাকিব খানের জুটি এক সময় খুব জনপ্রিয় হয়েছিল। শাকিবের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ‘বিষে ভরা নাগীন’ এ নায়িকা ছিলেন মুনমুন। এরপর এই জুটিকে প্রায় ১৪টি চলচ্চিত্রে দেখা গেছে।
শাকিব এখন ঢালিউডের শীর্ষ নায়ক। বাংলাদেশ, এমনকি ভারতের অনেক নায়িকা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য অপেক্ষার প্রহর গুণছেন। আর যারা অভিনয় করার সুযোগ পেয়েছেন, তারা নিজেদেরকে গর্বিত ভাবেন। মুনমুনও তাদেরই একজন।
সম্প্রতি সেন্স অব হিউমার অনুষ্ঠানে এসে সিনেমার নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
এই সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিষয়েও কথা বলেন মুনমুন। শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার সেই সময়ের কথা মনে করে মুনমুন বলেন, ‘আগের শাকিব ও এখনকার শাকিবের মধ্যে পার্থক্য অনেক। আমি শাকিব খানকে সেই সময়ই বলেছিলাম, তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুমি আরও সুন্দর হবা। শাকিবও নাকি মুনমুনের একথা মনে রেখেছেন। দেখা হওয়ার পর শাকিব নাকি সেই স্মৃতিচারণ করেন।
মুনমুন বলেন, শাকিবের সঙ্গে একবার দেখাও হয়েছিল, দেখি সে এই কথা এখনও মনে রেখেছে।’ মুনমুন আরো বলেন, ‘শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ১৪টি সিনেমায় কাজ করেছি। এগুলোর মধ্যে ‘নাগিন সিরিজি’র তিনটি ছবি ছিল সুপার বাম্পার হিট।’
এদিন, শাকিব খানের বর্তমান অবস্থান নিয়ে মুনমুন বলেন, ‘বাংলাদেশের একজন অন্যতম নায়ক শাকিব খান। এদেশের চলচ্চিত্রের ইতিহাসে শত বছর পরেও যদি কোনো তারকার নাম উঠে আসে, তবে শাকিব খানের নামই উঠে আসবে।’
