মুক্তি পেল ‘দেবী’র প্রথম গান

মিসির আলি আসছেন বড়পর্দায়। হুমায়ুন আহমেদের মিসির আলি। এত দিন জয়াকে দর্শক অভিনেত্রী হিসেবেই চিনতেন। এ বার অভিনেত্রীর পাশাপাশি তাঁকে এক অন্য ভূমিকায় দেখবেন দর্শক। দেখবেন প্রযোজক হিসেবে। জয়ার প্রযোজনা সংস্থা ‘C তে সিনেমা’র প্রথম প্রযোজনা ‘দেবী’।

শনিবার মুক্তি পেল আসন্ন এই ছবির প্রথম গান ‘দোয়েল পাখি কন্যা রে’। গানটি গেয়েছেন মমতাজ। রাকিব হাসান রাহুল গানের কথা লিখেছেন। সুর এবং সঙ্গীতের দায়িত্ব সামলেছেন প্রীতম হাসান।

এই ছবি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। মিসির আলির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। জয়া থাকছেন ‘দেবী’ গল্পের রানুর ভূমিকায়।

প্রথম প্রযোজনা হিসেবে মিসির আলিকে বেছে নিলেন কেন? জয় বললেন, হিমু বা মিসির আলি খুবই আইকনিক চরিত্র। আমাদের মনের কাছের, প্রাণের কাছের। খুব পাওয়ারফুল চরিত্র। আমার মনে হয় চঞ্চল জাস্টিস করতে পেরেছেন। ফার্স্ট লুকের পরই প্রচুর সাড়া পেয়েছি। আমারও রানু চরিত্রটা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু কেউ করছিলেন না। আমিই সাহস করে করলাম।

এই ছবির শুটিং শেষ করেছেন জয়া এবং তাঁর টিম। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে ছবিটি।