মির্জাপুরে গ্লাস কারখানায় ভয়াবহ আগুন

টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়ার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে আগুনের এ সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের টাঙ্গাইল সদরের ২ ইউনিট, মির্জাপুরের ২ ইউনিট, কালিয়াকৈরের ২ ইউনিট, সখিপুর, বাসাইল ও এলেঙ্গার একটি করে ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস টাঙ্গাইল অফিসের ডিএডি মো. আলাউদ্দিন। তিনি বলছেন, আগুন নেভানোর কাজ চলছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশন সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কোদালিয়া এলাকায় নাসির গ্লাসওয়ার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় রাত ১১টার দিকে ফিনিস গুদামে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে মির্জাপুর থানা, গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

আগুন নিয়ন্ত্রণে না আসায়, টাঙ্গাইল, কালিয়াকৈর, সখিপুর, বাসাইল ও এলেঙ্গা ফায়ার স্টেশনের আরো ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও তা কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

মো. আলাউদ্দিন বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রনে ৬টি স্টেশনের ৯টি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র : কালের কণ্ঠ