করোনা ভাইরাস মোকাবিলায় সরকার আরোপিত লকডাউনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন মিরপুরের ব্যবসায়ীরা। লকডাউনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ এপ্রিল) এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বেলা সাড়ে ১১টার পর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন লকডাউনবিরোধীরা। দুপুর ১২টার দিকে তারা মিরপুর ১ নম্বর মোড়ে অবস্থান নেন। ১২টা ২০ মিনিটের দিকে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। সাড়ে ১২টা পর্যন্ত এ বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভের কারণে কোথাও কোথাও যানজট দেখা দিয়েছে।
এ সময় ‘আমাদের বাঁচতে হবে, দোকানপাট খুলতে হবে’, ‘লকডাউন মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান শোনা গেছে বিক্ষোভকারীদের মুখে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি রয়েছে।
এ সময় বিক্ষোভে অংশ নেয়া এক ব্যবসায়ী বলেন, ‘গত বছর লকডাউনে আমরা অনেক লোকসান করেছি। এই লকডাউনে মার্কেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এবারও যদি দীর্ঘমেয়াদে লকডাউন দেয়া তাহলে আর টিকে থাকা সম্ভব না।’
এ সময় কুরিয়ার এজেন্ট আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা এই লকডাউন মানি না। গত বছর আমাদের অনেক লস হয়েছে। এইবারও যদি লকডাউন থাকে তাহলে দোকান ভাড়া, শ্রমিকদের বেতন এসব কীভাবে দেব?’
