মায়ের হাসপাতালেই ভর্তি হবেন সঞ্জয়

ফুঁসফুসের ক্যান্সারে আক্রান্ত বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। তার ক্যান্সার এখন রয়েছে স্টেজ ফোরে। গত সপ্তাহে শোনা গিয়েছিল, আমেরিকায় গিয়ে এই মরণব্যাধির চিকিৎসা করাবেন অভিনেতা। সম্প্রতি জানা গেছে, সঞ্জয় দত্ত নিউ ইয়র্কের সেই হাসপাতালে ভর্তি হবে, যেখানে তার মা নার্গিস দত্ত ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের দেশে উড়াল দেয়ার আগে রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে কিছু টেস্ট করান বলিউডের ‘মুন্না ভাই’। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জয়কে নিয়ে একটি পোস্ট দেন তার ঘনিষ্ঠ বন্ধু পরেশ গিলানি। লিখেছেন, ‘অ্যামিউসমেন্ট পার্ক একপ্রস্ত ঘুরেছি ঠিকই, কিন্তু চলা এখনো শেষ হয়নি। আর একবার রোলার কোস্টার রাইডের জন্য তৈরি হতে হবে।’ সঞ্জয়ের উদ্দেশে তিনি লিখেন, ‘শের হ্যায় তু শের।’

এ বছরই মাত্র কয়েকদিনের ব্যবধানে ক্যান্সারের কাছে হেরে না ফেরার দেশে চলে গেছেন বলিউডের দুই খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খান। দীর্ঘদিন বিদেশের মাটিতে উন্নত চিকিৎসা করিয়েও তাদের শেষ রক্ষা হয়নি। সেই মরণব্যাধি ধরল সঞ্জয়কেও। গত সপ্তাহের শনিবার সন্ধ্যায় হঠাৎ‌ অসুস্থ হয়ে পড়ায় এই অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছু টেস্ট করে জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত।

কাজের দিক থেকে আগামী ২৮ আগস্ট ওয়েবে মুক্তি পেতে চলেছে মহেশ ভাটের পরিচালনায় সঞ্জয় দত্তের ‘সড়ক টু’ ছবিটি। সেখানে পূজা ভাট, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর ও যিশু সেনগুপ্তরাও রযেছেন। কিছুদিন আগে মুক্তি পায় ছবিটির পোস্টার। সেখানে নয়া লুকে দেখা গেছে সঞ্জয়কে। এই লুক প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এবার ছবি মুক্তির অপেক্ষায় দর্শক।