মাহির ফেইসবুক থেকে ‘পর্ন’ ভিডিওটি সরেছে, যা বললেন মিশা

বিনোদন ডেস্ক : পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আহ্বানে সাড়া দিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে ‘আপত্তিকর’ ভিডিওটি সরিয়ে নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার মো. নাজমুল ইসলাম গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন।

সকালে মাহিয়া মাহির ফেইসবুক পেইজে একটি অনাকাঙিক্ষত ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। মাহির ভেরিফায়েড ফেইসবুক পেইজটি হ্যাকড হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেইজের এডিটর উজ্জল দাস।

অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম বলেন, “মাহিয়া মাহির ফেইসবুক পেইজ থেকে আপত্তিকর ভিডিওটি সরানো হয়েছে। ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ভিডিও আবারও কেউ প্রকাশ করতে চাইলে তা সম্ভব হবে না। স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেবে।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, “কে বা কারা ফেইসবুক পেইজটি হ্যাক করেছিল তা আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি। জানা মাত্রই তাকে অ্যারেস্ট করতে সক্রিয় হব আমরা।”

বিষয়টি নিয়ে মাহির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।মিশা বলেন, “এ ধরনের কাজ ভয়ংকর নিন্দনীয়। এ ধরনের কাজ কখনোই হওয়া উচিত নয়।”