মাহমুদুল্লাহকে বড় সুখবর দিলো বিসিবি

ইমরুল কায়েস এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের বড় এক রহস্যের নাম। নিউজিল্যান্ড সিরিজের দলে ইমরুলের না থাকা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেল। একটা পর্যায়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান ইমরুলকে অবশ্যই দলে অন্তর্ভুক্ত করা হবে । কিন্তু নির্বাচকরা আবার বললেন এ বিষয়ে কিছু জানি না ! ইমরুলকে দলে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এসবের মধ্যে আজ কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল বিসিবি। এই চুক্তিতে জায়গা হয়েছে ইমরুল কায়েসের। বিসিবির গতবারের চুক্তিতে ছিলেন না ইমরুল।

অভিজ্ঞ ক্রিকেটারকে এবার চুক্তিতে ফিরিয়ে আনা হয়েছে। তার সাথে মুল চুক্তির আওতায় এসেছেন লিটন কুমার দাস। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের একধাপ উন্নতি হয়েছে। শনিবার কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেন।

আগের চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এ ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার এ প্লাস ক্যাটাগরিতে উন্নতি হয়েছে, যেখানে আগে থেকে আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

লিটন কুমার দাস গত বছর ‘রুকি’ ক্যাটাগরির উদীয়মান ক্রিকেটার হিসেবে চুক্তিতে ছিলেন। সেখান থেকে মূল চুক্তিতে ঢুকেছেন তিনি। গতবার লিটনের সাথে রুকি ক্যাটাগরিতে থাকা নাজমুল হাসান শান্ত এবার বাদ পড়েছেন।

রুকি ক্যাটাগরিতে এবার নতুন করে জায়গা পেয়েছেন আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাইম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ। এদিকে চুক্তিতে ফেরা ইমরুল কায়েস বি ক্যাটাগরি রেখে সরাসরি জায়গা পেয়েছেন ক্যাটাগরিতে।