মাহমুদউল্লাহর ইনজুরিতে উলট-পালট হয়ে গেলো বাংলাদেশ দল

বিশ্বকাপ দলে সাব্বিরকেই মূলত সাতের চিন্তায় নেওয়া হয়েছে। শেষ দিকে দ্রুত রান তুলে দলের সংগ্রহ বাড়াতে কিংবা রান তাড়া করতে দলের ভরসা সাব্বিরের ওপরে। কিন্তু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক দারুণ এক ইনিংস খেলেছেন। টিম ম্যানেজমেন্ট তাই শুরুর ক’ম্যাচে সাব্বিরের বদলে মোসাদ্দেককে খেলানোর পক্ষে। নাম না প্রকাশের শর্তে বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে বিষয়টি।

বিশ্বকাপ স্কোয়ার্ডে মোসাদ্দেককে নেওয়ার যুক্তিতে বিসিবি’র নির্বাচকরা বলেছিলেন, মাহমুদুল্লাহর কাঁধের ইনজুরি আছে। বিকল্প অলরাউন্ডার চিন্তায় তাই দলে মোসাদ্দেক। মাহমুদুল্লাহর ইনজুরি চিন্তায়ই মোসাদ্দেক বিশ্বকাপ একাদশে ঢুকতে পারেন। কারণ ইনজুরির কারণে মাহমুদুল্লাহ শুরুতে বোলিং করতে পারবেন না। মোসাদ্দেককে তাই একাদশে নেওয়া হতে পারে।

এ নিয়ে মাশরাফিদের প্রধান কোচ স্টিভ রোডস বলেন, ‘মাহমুদুল্লার কাঁধে এখনও সামান্য অসুবিধা আছে। পাকিস্তানের বিপক্ষে সে বোলিং করতে পারতো না। তবে আমরা আশা করছি, বিশ্বকাপের শুরুর দিকেই তার বোলিং পাবো। মাহমুদুল্লাহ বোলিং করতে না পারায় আমাদের দলের সমন্বয়ে একটু ব্যাঘাত ঘটাচ্ছে। তবে ভালো ব্যাপার হলো, সেরে উঠার পর ভালো বোলিং করতে মাহমুদুল্লাহর বেশি অনুশীলন লাগে না।’

ওদিকে মোসাদ্দেক শুধু সাব্বির কিংবা মাহমুদুল্লাহর বিকল্প নয়। অফ স্পিনার মেহেদি মিরাজেরও বিকল্প। মিরাজ খারাপ করলে মোসাদ্দেককে একাদশে দেখা যেতে পারে। ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক আবার সাকিবের জায়গা পূরণ করেছেন। সাতে সাব্বির রহমান যদি অটোমেটিক চয়েজ হন তবে মোসাদ্দেককে অন্যের খারাপ করার অপেক্ষায় থাকতে হবে।

তবে কেউ খারাপ করলে দলে ঢুকবেন এমন চিন্তায় করছেন না মোসাদ্দেক, ‘আমি চাই দলের সবাই ভালো খেলুক। কেউ খারাপ খেলুক আর আমি দলে ডাক পাই এমন চিন্তা করছি না। সব কিছুর ওপরে বাংলাদেশ দল। আমি চাই বাংলাদেশ ভালো খেলুক।’