নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। অনেকেই বাংলাদেশের পরাজয়ের পেছনে দায়ী করছেন মুশফিকুর রহিমের সহজ রান-আউটের সুযোগ হাতছাড়া করাকে।
তাছাড়া প্রশ্ন ওঠেছে ইংলিশ কন্ডিশনে অধিনায়ক মাশরাফি মুর্তজার বোলিং সামর্থ্য নিয়েও। আজ এসকল প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
মাঠ থেকে টাইগারদের উজ্জীবিত করতে ইংল্যান্ড গিয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে মাঠ থেকে মাশরাফিবাহিনীকে সাহস যুগিয়ে আজ ফিরেছেন দেশে। ঢাকায় ফেরার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।
এসময় তিনি জানান দলের বর্তমান অবস্থার কথা। সামনের ম্যাচগুলটে আরও ভালো করতে মুখিয়ে টাইগাররা বলে এসময় জানান তিনি। কিউইদের বিপক্ষে শেষ মুহূর্তে এসে পরাজিত হলেও লড়াইয়ের মানসিকতা দেখে মুগ্ধ তিনি।
কিউইদের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া কিছু ভুল নিয়েও এসময় কথা বলেন তিনি। মুশফিকের রান-আউট মিসে তার কিপিং সামর্থ্য নিয়ে জাগা প্রশ্নের পাশাপাশি ইংলিশ কন্ডিশনে মাশরাফির পারফরম্যান্স নিয়ে এসময় উনাকে প্রশ্ন করা হয়। এর জবাবে মুশফিকের হয়েই কথা বললেন তিনি।
মুশফিকের প্রতি নিজের আস্থার কথা ব্যক্ত করে এসময় তিনি বলেন, “মুশফিক উইকেট-কিপিং তো এই প্রথম করছে না। এতদিন তো করেছে। আমরা তো বহুম্যাচ জিতেছি।”
তাছাড়া দলনেতা মাশরাফির পারফরম্যান্স নিয়ে জাগা প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাশরাফিকে নিয়েই তো আমরা এতদিন ম্যাচগুলো জিতেছি। মাশরাফিকে ছাড়া তো জিতিনি। তাকে নিয়েই তো আমাদের এত সফলতা। এগুলো হতে পারে ঐ কন্ডিশনে মাশরাফির বল হয়তো অতটা কার্যকরী না, এটা হতেই পারে। কারণ আমাদের কন্ডিশনের সাথে ঐ কন্ডিশন সম্পূর্ণ আলাদা। ঐখানে পেস-বাউন্স লাগে যেটা নাকি মাশরাফির নেই, ন্যাচারালি যা ওর নেই।”
মাশরাফির পেস-বাউন্স না থাকলেও তার অধিনায়কত্ব যে দলের জন্য কতটা জরুরি তা আবারও মণে করিয়ে দেন তিনি। নড়াইল এক্সপ্রেসের অধিনায়কত্ব প্রসঙ্গে এসময় তিনি বলেন,
“কিন্তু ওর অধিনায়কত্ব খুব গুরুত্বপূর্ণ। আপনি ওর অধিনায়কত্ব দেখেন যা কেউ রিপ্লেস (প্রতিস্থাপন) করতে পারবে না। সুতরাং বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য মাশরাফিই সঠিক ব্যক্তি।”
