মালয়েশিয়ায় টিকা নেয়ার সময় অবৈধ অভিবাসীদের আটক নয়

মালয়েশিয়ায় বিনামূল্যে টিকা নেয়ার সময় অবৈধ অভিবাসীদের আটক করা হবে না বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খায়রী জামালউদ্দিন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দেশটিতে বৈধ- অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসীরা যদি টিকার আওতায় না আসে তাহলে আমরা নিরাপদ নই। তবে বৈধ অভিবাসীরা ভ্যাকসিন নিতে আসবে। কিন্তু অ;বৈ;ধভাবে অবস্থান করা অভিবাসীরা আটকের ভয়ে ঘরে বসে থাকবে।’ তিনি অবৈধ অভিবাসীদের নির্ভয়ে টিকা নিতে আসার আহ্বান জানান।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, আমরা বিদেশি মিশন থেকে শুররু করে বিভিন্ন এনজিওর সাথে এ ব্যাপারে কথা বলবো। যেন কেউ টিকা নিতে ভয় না পায়।

এর আগে ১১ ফেব্রুয়ারি করোনাভাইরাস নির্মূলে দেশের নাগরিকদের পাশাপাশি নিবন্ধিত ও অনিবন্ধিত বিদেশি নাগরিকদের বিনামূল্যে টিকা দেয়ার ঘোষণা দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খায়রী জামালউদ্দিন।

এর পরদিন ১২ ফেব্রুয়ারি অভিবাসন নীতিতে বিনামূল্যে টিকা দেয়ার আগে অনিবন্ধিত বিদেশিদের সাধারণ ক্ষমার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ার ক্লাংয়ের সাংসদ চার্লস সান্টিয়াগো। মালয়েশিয়ায় প্রায় তিন মিলিয়ন অনিবন্ধিত অভিবাসী রয়েছেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় করোনা টিকা পৌঁছানোর কথা রয়েছে এবং প্রথম টিকা নেবেন দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন।