‘আলোচনায় আসার জন্য আমি মানুষ খুন ছাড়া সবই করতে পারি’ কথাটি নির্মাতা মালেক আফসারীর। নকল ছবি বানিয়ে মুক্তির আগে মৌলিক বলে ঘোষণা দেয়াও এই নির্মাতার ক্ষেত্রে নতুন কিছু নয়। ঈদুল ফিতরে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পাসওয়ার্ড’ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠলে হালে পানি না পেয়ে বললেন, আমি দশটা ছবি দেখে একটা বানাই এটা নকল নয় গবেষণা!
মালেক আফসারীর মতো জ্যেষ্ঠ একজন নির্মাতার শুধুমাত্র আলোচনায় আসার জন্য এমন বিতর্কিত মন্তব্যের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য নির্মাতারও বিরক্ত। তাদের অনেকেরই ভাষ্য, নকল ছবি বানাবেন বানান। এত আওয়াজের কি আছে। এর আগে জায়েদ খান-পরীমনিকে নিয়ে ‘অন্তর জ্বালা’ ছবির নির্মাণ ও মুক্তির সময় নানা রকম ঘোষণা দিয়েছিলেন মালেক আফসারী। ছবির প্রযোজকও ছিলেন জায়েদ আর নায়িকা পরীমণি।
তখন জায়েদকে আলোচনায় আনার জন্য শাকিব খান বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে এই আলোচিত নির্মাতাকে। শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি তার হাতে আসার আগে থেকেই শাকিবের প্রশংসায় মজতে দেখা যায় তাকে। পরীমণি প্রযোজিতও একটি ছবি নির্মাণের কথা ছিল মালেক আফসারীর। কিন্তু শেষ পর্যন্ত আর সেই ছবির কাজ হয়নি। এদিকে সদ্য প্রেমিকের সঙ্গে পরীর বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আর পরীর ভাষ্য মতে, ক্যারিয়ারে মন দিতে চান তিনি।
পরী যে নতুন সিনেমার কাজ শুরু করবেন তাতে কোনও সংশয় নেই। অন্যদিকে হঠাৎ করে ফের পরীর প্রশংসায় মজেছেন নির্মাতা মালেক আফসারী। যেমনভাবে ‘অন্তর জ্বালা’র সময় জায়েদ এবং ‘পাসওয়ার্ড’র সময় শাকিবকে নিয়ে মজেছিলেন।
পরীকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মালেক আফসারী। পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো।‘পরীমণির অন্ধ ভক্ত আমার ছোট মেয়ে মালিহা। সারাক্ষণ পরীকে নকল করে। প্রতিদিন দু’চার বার পরীর কথা জিজ্ঞেস করবে। আমি ঢাকা ছাড়ার আগে এই ভিডিও’টি করি (ফেসবুকে মেয়ের একটি ভিডিও পোস্ট করেছেন)। এই নির্জন বনভূমিতে বসে, ভিডিওটি দেখতে দেখতে পরীর কথা মনে হলো।
আহা কি সুন্দর। বাচ্চা থেকে বুড়া সবাই পরীকে পছন্দ করে। অভিনয় ক্ষমতা অসাধারণ। তবে মানুষ পরী একটু আলাদা। গোপন কথা নাই তার চরিত্রে। খোলামেলা সামনাসামনি, যা বলবে মুখের উপর যা করবে চোখের সামনে। রঙ করা মানুষ না। সাহসী মেয়ে। আমাদের সিনেমায় তার মতো প্রতিভাবান শিল্পীর খুব প্রয়োজন। ভাইয়া আবার আমরা এক সাথে কাজ করবো আজ নয়তো কাল।’
মালেক আফসারীর এই স্ট্যাটাস দেখে সমালোচকদের অনেকেই ধারণা করছেন হয়তো পরীর সঙ্গে কাজের জল্পনায় আছেন এই নির্মাতা।
