মারিয়ানো দিয়াজকে ফিরিয়ে আনল রিয়াল

২০১৭ সালে স্প্যানিশ ফুটবলার মারিয়ানো দিয়াজ রিয়াল থেকে অলিম্পিক লায়নে যোগ দেন। রিয়াল ছেড়ে যাওয়ার ১৪ মাসের মাথায় আবার বার্নাব্যুতে ফিরেছেন মারিয়ানো। অবশ্য তার যোগ দেওয়ার কথা ছিল স্প্যানিশ লা লিগার ক্লাব সেভিয়ায়। তাদের পাকা কথাও দিয়েছিলেন। কিন্তু সেভিয়ায় যোগ না দিয়ে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। পাঁচ বছরের জন্য মারিয়ানোকে দলে ভিড়িয়েছে রিয়াল। আর সে জন্য তাদের গুনতে হয়েছে ২২ মিলিয়ন ইউরো ও বোনাস।

বার্সা যেমন ম্যালকমকে ছিনতাই করেছে, তেমনি রিয়াল মাদ্রিদ ছিনতাই করেছে মারিয়ানোকে।

মারিয়ানো ২০১১ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন। সেখানে থেকে সরাসরি অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলে খেলেন। ২০১৫-১৬ মৌসুমে কাস্তিলা স্কোয়াডে যুক্ত হওয়ার আগে তৃতীয় বিভাগে খেলেন। গোল করেন ২৫টি। পরবর্তীতে তিনি সিনিয়র টিমে সুযোগ পান। কিন্তু রোনালদো, বেল, বেনজেমাদের দাপটে তিনি খুব বেশি খেলার সুযোগ পাননি। ১১৪ লিগ ম্যাচে তিনি মাত্র ৩০২ মিনিট খেলেন। ৩০২ মিনিট খেলেও তিনি ৫টি গোল করেন ও দুটি গোলে সহায়তা করেন।

পরবর্তীতে ২০১৭ সালে তিনি রিয়াল ছেড়ে ফরাসি ক্লাব অলিম্পিক লায়নে যোগ দেন। সেখানে তিনি ২১ গোল করেন। যার ১৮টিই করেছেন ফ্রেঞ্চ লিগ-১ এ।