মাধবীলতা চোখের পানি জমায়

জনপ্রিয় নির্মাতা সাগর জাহান মাধবীলতার গল্প নিয়ে আগামী ঈদের জন্য নির্মাণ করেছেন ‘মাধবীলতা চোখের পানি জমায়’ নাটকটি। এই নাটকেরও নাম ভূমিকায় অভিনয় করেছেন অপি করিম। তার সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি বলেন, ‘সাগরের লেখা এবারের নাটকটির গল্প খুব আধুনিক। সমাজে নারীর আসলে কতোটুকু অধিকার আছে তা দর্শক দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা সাগর সবসময়ই খুব যত্ন নিয়ে কাজ করে। অপি করিম নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেত্রী। খুবই ভালো অভিনয় করেছে অপি। আমার মনে হয় এই নাটকটি দর্শক যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে তা দর্শকের মধ্যে অন্যরকম সাড়া ফেলবে।’ অপি করিম বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করার মধ্যে ভালোলাগা এই যে, তিনি শিল্পীকে অনেক আরাম দিয়ে কাজ আদায় করে নেন। এই নাটকে অভিনয়ের সময় তারিক আনাম ভাই আমাকে শিখিয়ে দিয়েছেন, সহযোগিতা করেছেন। সত্যিই এবারের স্ক্রিপ্টটি একটু কঠিনই ছিলো। যে কারণে আমি ভয়ে ভয়ে অভিনয় করেছি। বাকীটা জানিনা কী হবে।’ উল্লেখ্য, এর আগে সাগর জাহান ‘এই শহর মাধবীলতার না’ এবং ‘মাধবীলতা গ্রহ আর না’ নাটক দুটি নির্মাণ করে বেশ সাড়া পেয়েছিলেন। দুটিতেই নাম ভূমিকায় অভিনয় করেন অপি করিম।