নতুন বছরে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি শুরু হচ্ছে নিউজিল্যান্ড সফর দিয়ে। এদিকে আসন্ন সিরিজে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে ওয়ানডে ও টেস্ট সিরিজ।
বিপিএল ফাইনালের হার বিষাদের যে ছাপ রেখেছে মনে, তার চেয়ে বড় চিহ্ন এঁকে দিয়েছে সাকিব আল হাসানের শরীরে। এদিকে ফাইনালে পাওয়া আঙ্গুলের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান।
সিরিজের প্রথম দুই টেস্টেও সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আর সাকিবের নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন নির্বাচক হাবিবুল বাশার। এদিকে সাকিব ছিটকে গেলেও এখনও তাঁর বদলী কে হবেন এই ব্যাপারে এখনও কোনও আলোচনা করেন নি বলেও জানিয়েছেন নির্বাচক বাশার।
কিন্তু দ্রুতই সাকিবের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে উল্লেখ করে বাশার গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজ শুরুর আগে সাকিবের ছিটকে যাওয়া অবশ্যই বড় ধাক্কা। আমরা এখনও তাঁর বদলি ক্রিকেটার হিসেবে কারও নাম ঘোষণা করিনি। এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিবো আমরা।’
এদিকে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে নানা সূত্র থেকে জানা গেছে, মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে দেশ সেরা ক্রিকেটারকে। এদিকে ৯ ফেব্রুয়ারি শনিবার রাতেই নিউ জিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল সাকিবের। নিউ জিল্যান্ডে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী বুধবার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ ২০ ফেব্রুয়ারি।
এরপর প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে, দ্বিতীয়টি ৮ মার্চ থেকে। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টেই কেবল সাকিবকে পাওয়ার বাস্তব সম্ভাবনা আছে।তবে সাকিবের অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন মাহমুদুল্লাহ।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১৩ তারিখ থেকে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ২০ তারিখে।এদিকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এর বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচের সব কয়টি খেলা দেখা যাবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল নাইনে’।
প্রথম ম্যাচে সাকিবকে ছাড়াই একাদশ সাজাতে হবে টাইগারদের। নিউজিল্যান্ড খেলবে তাদের পূর্নাঙ্গ শক্তিশালী দল নিয়েই।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।
