মহানায়ককে নিয়ে বায়োপিক

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত হয়েছে প্রথম বায়োপিক। ৯০ মিনিট ব্যাপ্তির এই বায়োপিকের নাম ‘রাজাধিরাজ রাজ্জাক’। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আগামী ২১ আগস্ট এ মহানায়কের প্রথম মৃত্যুবার্ষিকী। ঈদ উৎসবের ডামাডোলের আগেই ১৭ আগস্ট বিকাল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামের এই চিত্রগাথা।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই বায়োপিকটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের অকপটে দীর্ঘ সাক্ষাত্কার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠা বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ। এছাড়াও এতে দেখা যাবে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয়জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।

শাইখ সিরাজ জানান, এই নায়কের ভক্তদের জন্য বায়োপিকটি সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে। এর পাশাপাশি ফিল্ম আর্কাইভেও এটি সংরক্ষণ করা হবে।