বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কথা উপেক্ষা করে বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম আবারও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। মন্ত্রী বলেছিলেন, আগামী ৬ ফেব্রুয়ারির আগে বাজারে ভোজ্যতেলের দাম বাড়বে না। তবে তার সেই কথা না রেখে ইতোমধ্যে বাড়তি দামের তেলের বোতল বাজারে চলে এসেছে। খোলা সয়াবিন তেল এবং পাম অয়েলের দামও বেড়েছে।
খুচরা ব্যবসায়ীরা জানান, দুদিন ধরে তেলের দাম বাড়তি। বোতলের সয়াবিন তেলের দাম লিটারে ৫ থেকে ৮ টাকা, খোলা সয়াবিন ১০ টাকা পর্যন্ত এবং পাম অয়েলের দাম কেজিতে ১০ টাকার মতো বেড়েছে। তারা আরও জানান, নতুন আসা বোতলের এক লিটার তেলের গায়ের (লেভেলে লেখা) মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৫ থেকে ১৬৮ টাকা, যা আগে ছিল ১৬০ টাকা। আর পাঁচ লিটার বোতলের সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৮৫ থেকে ৮০০ টাকা, যা আগে ছিল ৭৬০ টাকা।
পুরান ঢাকার নয়াবাজারের একটি খুচরা দোকানের মালিক আবুল কালাম জানান, আগে প্রতি ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছিল ৭৬০ টাকা। বর্তমানে তা ৮০০ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৮ টাকা। এ কারণে বাজারে খোলা ভোজ্যতেলের দামও কেজিপ্রতি ৫-৮ টাকা পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে, খোলা সয়াবিন তেলের কেজি এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়, যা আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকায়। পাম অয়েলের কেজি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, আগে ছিল ১৩০ থেকে ১৩৫ টাকার মধ্যে। ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়ে দিলেও গত ১৯ জানুয়ারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, আগামী ১৫ দিনে ভোজ্যতেলের দাম বাড়ছে না। ৬ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত হবে তেলের দাম বাড়বে না কমবে।
