মন্ত্রিসভায় প্রথম রদবদল – ১১ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এর পরের দিন ১২ ফেব্রুয়ারি এগুলো যাচাই-বাছাই সম্পন্ন হবে। কোন দল কতটি আসন পাবে সেটা নির্দিষ্ট করে দেয়ায় এখানে ভোটের আনুষ্ঠানিকতা হবে না বলেই ধরা হচ্ছে। একক আসনে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পরপরই মন্ত্রিসভায় রদবদল হতে পারে। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার অনেক মন্ত্রণালয়েই পূর্ণমন্ত্রী নেই এবং সেগুলো প্রধানমন্ত্রীর অধীনে রয়েছে। যেমন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, নারী আসনের নির্বানের পরেই বর্তমান মন্ত্রিসভায় প্রথম রদবদল হবে এবং নারী সংসদ সদস্যদের মধ্য থেকে কাউকে সেখানে অন্তভুক্ত করা হতে পারে। তবে কবে হবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানি সফরে যাচ্ছেন এবং ১৯ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন। তার যাওয়ার আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা খুবই কম। তিনি দেশে ফেরার পরই মন্ত্রিসভায় প্রথম রদবদল হবে। তবে মন্ত্রণালয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। কয়েকজন নতুন মুখ মন্ত্রিুসভায় অন্তর্ভুক্ত হতে পারে।
সূত্র – বাংলা ইনসাইডার
