মদ খেয়ে ৩ বন্ধুর করুণ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

পাবনা শহরের পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লয় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। এছাড়া দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- চক ছাতিয়ানি মহল্লর মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি হোসেন (৩০) ও রবিউল ইসলামের ছেলে রুবেল রুবেল হোসেন (৩২)। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ হোসেন এবং মৃত আলমগীর হোসেনের ছেলে রতন হোসেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করেন। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি হোসেনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে রোমান ও রাজশাহী মেডিকেল হাসপাতালে রুবেল মারা যায়।

আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রতন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে অতিরিক্ত মদপানের কারণে মদের বিষক্রিয়ায় তাদের মৃতু হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলেও তিনি জানান।