সৌদি আরবেন মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ রফিক (৫৩)। স্থানীয় সময় বুধবার মদিনার আল-দ্বার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতব্যক্তির দেশের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের মজিদার পাড়ায়। তার বাবার নাম মো. সোলাইমান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মোহাম্মদ রফিক মদিনায় ব্যবসা করতেন। সবশেষ প্রায় দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন।
রফিকের ছোটভাই সৌদিপ্রবাসী শামসুল আলম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার ভাই গত ২৭ এপ্রিল মদিনার আল-দ্বার হাসপাতালে ভর্তি হন। গত ২ মে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু বুধবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে রফিকের মৃত্যুর খবরে তার বাড়িতে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, সৌদিতের তার মরদেহ দাফন করা হবে।
