ভোট গণনার সময় হার্ট অ্যাটাকে কংগ্রেস নেতার মৃত্যু

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মধ্য প্রদেশের সেহোর জেলার কংগ্রেস নেতা রতন সিং।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের একটি ভোট কেন্দ্রে ভোট গণনার সময় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন তিনি। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানায়।

আর এই দুঃখজনক ঘটনা ঘটলো যখন আবারও ভারতের সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তার নেতৃত্বাধীন এনডিএ জোট। এমনকি গেলোবারের চেয়েও বেশি আসন পেতে পারে তারা।

এখন পর্যন্ত, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৪১ আসনে এগিয়ে এনডিএ। ভারতীয় গণমাধ্যমের ধারণা, এককভাবেই সরকার গঠনের প্রয়োজনীয় ২৭২ আসন নিশ্চিত হবে নরেন্দ্র মোদির দলের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে মাত্র ৮৯ আসনে। জোটহীন দলগুলো পেতে পারে ১১২ আসন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র’সহ প্রায় সব রাজ্যে এগিয়ে বিজেপি ও শরিকরা। তবে, পশ্চিমবঙ্গে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মমতা ব্যানার্জির রাজ্যে বিজেপি এগিয়ে ১৭ আসনে। তৃণমূল পেতে পারে ২৪ আসন।