ভিয়েতনাম রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে

রাশিয়ার কাছ থেকে এক কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি তাদের সামরিক সক্ষমতার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ অস্ত্র কিনছে বলে রাশিয়ার তাস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে।

রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি- টেকনিক্যাল কো-অপারেশন এর প্রধান দিমিত্রি সুগায়েভ বৃহস্পতিবার তাসকে বলেন, আমাদের কাছে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের বেশ কিছু অর্ডার রয়েছে।

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গুয়েন পু ত্রং এর রাশিয়া সফরের সময়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই চুক্তি নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিগত কয়েক যুগ ধরেই ভিয়েতনাম এবং রাশিয়ার মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়া ভিয়েতনামের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। এছাড়াও রাশিয়ার বিভিন্ন কোম্পানি দেশটির বেশ কিছু এনার্জি প্রকল্পের সঙ্গে জড়িত। এর আগে ভিয়েতনাম রাশিয়ার কাছ থেকে ছয়টি স্টেট-অব-দ্য-আর্ট কিলো সাবমেরিন, বেশ কিছু যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং গুয়েন পু ত্রং এর বৈঠকের পর শুক্রবার এক বিবৃতিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি জানিয়েছে, দু’পক্ষ তাদের সামরিক সম্পর্কের ক্রমাগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য চলতি সময়ে ভিয়েতনাম হলো বিশ্বের সবচেয়ে বড় একটি সক্রিয় অস্ত্র আমদানিকারক দেশ।