‘ভালো কথা-সুরের গান এখন কম হচ্ছে’

দেশের স্বনামধন্য সংগীতশিল্পী খুরশীদ আলম। নিজের দীর্ঘ ও সফলতম ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তার এসব গান কালজয়ী হয়ে এখনও মানুষের মুখে মুখ। বিশেষ করে চলচ্চিত্রের গানের ইতিহাসে খুরশীদ আলম একটি অন্যতম ও অনবদ্য নাম। এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েও ক্লান্ত নন এ শিল্পী। এখনও নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন।
তবে আগের তুলনায় কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। বেশ বেছে বেছে কাজ করছেন তিনি। স্টেজ অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় তাকে। তাছাড়া টিভি চ্যানেলের অনুষ্ঠানেও তার অংশগ্রহণ চোখে পড়ার মতো। তবে নতুন গান কম করছেন। সব মিলিয়ে কেমন আছেন? চলতি সময়টা কেমন যাচ্ছে? খুরশীদ আলম বলেন, আমি বেশ ভালো আছি। ভালো থাকার চেষ্টাটা করি। আর এই চেষ্টাটা এক জীবনে খুব জরুরী। আর সময়টা ভালো-খারাপ মিলিয়েই যাচ্ছে। কোন খারাপ খবর শুনলে ভালো থাকতে পারি না। আবার ভালো খবর পেলে আনন্দিত হই। আর গান নিয়েই আছি। সারা জীবন গান নিয়েই ব্যস্ত থেকে যেতে চাই। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? খুরশীদ আলম বলেন, আসলে স্টেজ শো আর টিভি অনুষ্ঠানই বেশি করছি। সরাসরি গান শোনাতে সেই শুরু থেকেই খুব ভালো লাগে। এখানে অন্যরকম একটা ভালোবাসা পাওয়া যায় শ্রোতাদের। এর বাইরে গান খুব কম করছি। গান কম করার কি কোন কারণ আছে? খুরশীদ আলম বলেন, ভালো কথা-সুরের গান এখন কম হচ্ছে। আমি নিজেও মানের সাথে আপোষ করতে চাই না। সে কারণে মনপছন্দ গান না হলে ফিরিয়ে দিচ্ছি। আর মনপছন্দ গান হচ্ছে খুব কম। এ জন্য গাওয়ার আগ্রহটা কমে গেছে। তবে ভালো মানের গান হলে আমি সেটা সানন্দে গাইতে রাজী আছি। অ্যালবাম কি করার পরিকল্পনা আছে? খুরশীদ আলম বলেন, বিষয়টি নিয়ে আমি ভেবেছিলাম। কিন্তু এখনতো অ্যালবামের বাজার নেই। সুতরাং অ্যালবাম করে কি হবে! আমি আজ অ্যালবাম বের করলাম, কাল সেটা পাইরেসি হয়ে যাবে। এখন তো গান প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তা অনলাইনেও প্রকাশ হয়ে যাচ্ছে অবৈধভাবে। এ জায়গায় কোন নিয়ম নীতির বালাই নেই। তাই অ্যালবাম করার কোন ইচ্ছে আপাতত নেই। তবে একটি-দুটি করে নতুন গান আমি করতে চাই। দেখা যাক কি হয়। এখনকার গান কি শোনা হয় আপনার? কেমন লাগে? খুরশীদ আলম বলেন, আমি সব সময় তরুণদের পক্ষে। কারণ তরুণরাই সংগীতকে সামনে নিয়ে যাবে। আমি এখনকার গান নিয়মিত শুনি না। তবে শুনি। আমার কাছে অনেককেই প্রতিভাধর মনে হয়েছে। বেশ ভালো গায়তির শিল্পী রয়েছে এখন। তবে সঠিকভাবে নিজেদের এগিয়ে নিতে হবে। একটা ভুল বড় সর্বনাশ ডেকে আনতে পারে। এ বিষয়টি মাথায় নিতে হবে। ভুল করা যাবে না। আর গানের প্রতি ভালোবাসা ও চেষ্টা থাকলে অনেক দূর যাওয়া যায়। যদি কেউ তারকাখ্যাতির জন্য গায়ক কিংবা গায়িকা হতে চায়, তবে সে বেশিদিন এ জগতে থাকতে পারবে না। এটা শতভাগ সত্যি। আমি নিজে দেখেছি এমন। তাই তারকাখ্যাতির পেছনে না ছুটে ভালো কাজের পেছনে ছুটতে হবে। ভালো কাজের বিকল্প নেই। ভালো কথা-সুরের দিকে, সংগীতায়োজনের দিকে নজর দিতে হবে। ভালো কাজ করলে তারকাখ্যাতি এমনিতেই একদিন আসবে।