ভারত-ইংল্যান্ড নয় বিশ্বকাপে এই একটি দলকে ভয় পাবে সবাই

আগামী ৩০শে মে থেকেই মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখেই সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। তবে স্টিভ ওয়াহর মতে এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ভয় করবে সবাই।

এবারের আইপিএলের ছড়ি ঘুরিয়েছেন ওয়ার্নার, স্মিথও মন্দ করেননি। সেখানে ভালো করলেও অস্ট্রেলিয়ার জার্সিতে কেমন করেন, তাই ছিল দেখার বিষয়। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালোই দেখালেন স্মিথ। তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরির (৮৯ ও ৯১) সুবাস ছড়িয়ে বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলোকে স্মিথ যেন বার্তা দিলেন,

‘সাবধান, আমি আগের মতোই আছি!’ নিউজিল্যান্ড একাদশের অস্ট্রেলিয়া সফর দিয়ে জাতীয় দলের জার্সিতে স্মিথের সঙ্গে ফিরেছেন ওয়ার্নারও। ওয়ানডে সংস্করণে তিন ম্যাচের এই সিরিজে ওয়ার্নার (৩৯,০, ২) ভালো করতে পারেননি। কিন্তু বড় মঞ্চে ওয়ার্নার কতটা ভয়ংকর, তা তো সবারই জানা।

এই দুই তারকার উপস্থিতি অস্ট্রেলিয়াকে অনেক বেশি শক্তিশালী বানিয়েছে বলে মনে করেন ওয়াহ। সরাসরি বলেই দিয়েছেন সব দলকেই অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তায় থাকতে হবে, ‘বাকি দলগুলো অস্ট্রেলিয়ার সামর্থ্য সম্পর্কে জানে।

তবে সর্বশেষ ১২ মাসে অস্ট্রেলিয়া দলে অনেক অশান্তি ছিল। তবে তা এখন শেষ হয়েছে। আমাদের সেরা ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নারকে আমরা দলে নিয়েছি। সব দলকেই অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করতে হবে। শুধু ভারত-ইংল্যান্ড নয়।’