মনে হতে পারে রসিকতা। বাস্তবে কিন্তু তা নয়। বিরাট কোহলিদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য সাত বছরের এক খুদে ক্রিকেটারকে দলে নিল অস্ট্রেলিয়া। সাত বছরের এই লেগ স্পিনারের নাম আরচি শিলার। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
বুধবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। চার টেস্টের সিরিজে তৃতীয় টেস্ট জিতলেই সিরিজ ড্র রাখা নিশ্চিত করা যাবে। যে দল হারবে তাদের সিরিজ জয়ের স্বপ্নও শেষ হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দলে সাত বছরের খুদেকে দেখে রীতিমতো তাজ্জব ক্রিকেটমহল। দলের পনেরোতম সদস্য হিসেবে তাকে দলে নেয়া হয়েছে। অ্যাডিলেডে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্র্যাকটিসও করেছিল এই খুদে ক্রিকেটার।
সাত বছরের শিলার নাকি অনেক দিন আগেই অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে বলেছে যে সে বিরাট কোহলিকে আউট করতে পারবে। শুধু তাই নয়, ভবিষ্যতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে চায় খুদে এই তারকা।
তবে অস্ট্রেলিয়া এই খুদে ক্রিকেটারকে দলে নেওয়ায় টুইটারে মজাও করেছেন কেউ কেউ। এক ভারতীয় সমর্থক অস্ট্রেলীয় বোর্ডের টুইটের জবাবে লিখেছেন, ‘এবার ভারতও তৈমুরকে দলে নেবে।’
