‘ভাই আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন, ছেলে-মেয়ে নিয়ে বাঁচতে চাই’

জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার পাওয়ার আশায় দিনের পর দিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু কোন সুরাহা পাচ্ছি না। জীবনের প্রতিটি মুহুর্ত ভয়ংকর ও দুর্বিষহ মনে হচ্ছে। কারণ, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে! আর আমি বাঁচার জন্য আসামীদের কাছ থেকে পালিয়ে থাকি। ‘ভাই আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন, আমি ছেলে- মেয়ে নিয়ে বাঁচতে চাই’।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে শহরের বনরূপাস্থ একটি রেস্তোরাঁয় হত্যার উদ্দেশ্যে হামলাকারী মনিকা আক্তার ও রাঙ্গামাটি ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেফতার ও বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনে কান্নাস্বরে এ অভিযোগ করেন, ভুক্তভোগী দুই সন্তানের বাবা মোঃ মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই ২০২১ সালে রাতে শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে মোঃ মোস্তাফিজুর রহমানের প্রাক্তন স্ত্রী মনিকা আক্তার এবং তার প্রেমিক মোঃ ফারুক আহম্মেদ সাব্বির হত্যার উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমানের উপর অতর্কিত হামলা করে। হামলার পরে দীর্ঘদিন চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন, মোস্তাফিজুর রহমান। মামলার পর পর হামলাকারী প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা রুজুর পর এখনো কেন আসামীরা গ্রেফতার হচ্ছে না,এ নিয়ে তিনি শংকিত।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান জানান, ২০০৬ সালে মনিকা আক্তারের সাথে তাঁর বিবাহ হয়। বর্তমানে তাদের ঘরে ৮ বছরের এক ছেলে এবং ১৪ বছরের এক মেয়ে রয়েছে। বিগত ৭ থেকে ৮ বছর ধরে মনিকার অসংগতিপূর্ণ আচরণ দেখতে পান এবং বিভিন্ন পুরুষের সাথে অনৈতিক সর্ম্পক ও অবাধ্য চলাফেরা,যা তাকে ব্যতিত করে। তার পরেও তিনি সন্তানদের কথা চিন্তা করে মনিকাকে শোধরানোর চেষ্টা করেন। তার চেষ্টাকে তোয়াক্কা না করে মনিকা বিভিন্ন পুরুষের সাথে অবাধ মেলামেশা এবং বিভিন্নজনকে ব্ল্যাকমেইল করতে থাকে। মনিকার এসব অনৈতিক কর্মকান্ড সহ্য করতে না পেরে আইনানুগভাবে তাকে তালাক দেন।

তিনি আরো জানান, মনিকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে মিশে তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে।এমনকি মনিকা তার বসত-ভিটা দখল করতে নানা ভাবে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন, ভুক্তভোগী মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন টিটু, প্রতিবেশী শ্যামল চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন, সাহেব আলী প্রমুখ।