বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পূর্বেই আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা দলগুলো। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪১ রানে হেরেছে আফগানিস্তান। সোমবার আবুধাবির টলারেন্স ওভাল মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

শুরুতে উইকেট হারালেও, রানের দেখা পান ওপেনার ও অধিনায়ক তেম্বা বাভুমা এবং আইডেন মার্করাম। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। বাভুমা ৩৯ বলে ৩১ ও মার্করাম ৩৫ বলে দুই ছক্কায় ৪৮ রান করেন। পরের দিকে রাসি ভ্যান ডার ডুসেন ২১, হেনরিচ ক্লাসেন ১১ ও ডেভিড মিলার অপরাজিত ২০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান ৩ উইকেট নেন। ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ৮ বলে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। শুরুর ধাক্কা কাটিয়ে উঠার আগে একপর্যায়ে ৫১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে ম্যাচ হারে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ১৮ রানে ৩ উইকেট নেন। আগামী ২০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে আফগানিস্তান।