‘বড় বড় ছয় মারেন, সেদিন কী হয়েছিল আপনার’

সর্বকালের সেরা ফিনিশারদের একজন মহেন্দ্র সিং ধোনি। অসংখ্য ম্যাচে ভারতকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছেন। শেষের মুহূর্তে যত রানই লাগুক না কেন সেটা তুলে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন বহু ম্যাচে। তাই তো তিনি সেরা ফিনিশার। চলতি বিশ্বকাপের সেমিফাইনালেও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ধোনি। শেষ পর্যন্ত থাকতে পারলে জিতেও যেতে পারত ভারত। অথচ যুবরাজ সিংয়ের বাবা বলছেন, ধোনির কারণেই হেরেছে ভারত!

মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করছেন যোগরাজ সিং, এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে এখন বেশ পরিচিতই। যোগরাজ মনে করেন, ম্যাচে ধোনির আরও দায়িত্ব নেয়া উচিত ছিল। তিনি বলেন, ধোনি হার্দিক পান্ডিয়া ও রবিন্দ্র জাদেজাকে বড় শট নেয়ার দিকে ঠেলে উচিত কাজ করেননি। বরং সেখানে শট খেলতে তারই এগিয়ে যাওয়া উচিত ছিল। ধোনির নীতি ও পরিকল্পনা ভুল ছিল।

অধিনায়ক হিসেবে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো ধোনিকে নিয়ে যোগরাজ আরও বলেন, ‘তুমি অনেক দিন ধরে ক্রিকেট খেলছো। অথচ ৭৭ রানে দাঁড়িয়ে থাকা জাদেজাকে তুমি বলছো বড় শট নিতে? তার আগে হার্দিককে বলছো স্পিনারদের মারতে? কিন্তু তুমি নিজে যখন হাফ ভলি পাচ্ছ, তখন শট নিচ্ছ না কেন?’

যোগরাজ বলেন, আপনার কি এখনো এই বোধটুকু জন্মায়নি কী করতে হবে আর কী করতে হবে না? আপনি যেভাবে অন্য খেলোয়াড়দের শট খেলার নির্দেশনা দিচ্ছিলেন, যুবরাজ কি কখনো তা করেছে? আপনি তো এত বড় বড় ছয় মারতে পারেন। সেদিন এতগুলো হাফভলি পেলেন, তখন আপনার কী হয়েছিল? আপনি কি দুশ্চিন্তায় ভুগছিলেন? তাহলে তো আপনার আগেই আউট হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আউট হয়ে গেলে কী ম্যাচের ফলে কোনো পার্থক্য হতো?’